গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম প্রদীপ মুখার্জি (৩১)। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০১৪ সালে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। গ্রেপ্তার হওয়ার সময় তিনি কোয়েম্বাটুরের আইএনএস আগ্রানি নৌঘাঁটিতে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছিলেন।
তদন্তকারীদের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, কয়েক মাস আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এক নারী কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরবর্তীতে এই সম্পর্কের সূত্র ধরে হানিট্র্যাপের ফাঁদে ফেলে ওই নৌসেনার কাছ থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজের অবস্থান, যুদ্ধজাহাজ ও নৌবহরের গতিবিধি এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির কৌশলগত সামরিক তথ্য হাতিয়ে নেন ওই নারী।
সীমান্তপারের গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তাঝুঁকি নিয়ে কাজ করা অন্ধ্রপ্রদেশ পুলিশের সিআই সেল সন্দেহজনক ডিজিটাল কার্যক্রমের সূত্র ধরে প্রদীপের ওপর নজরদারি শুরু করে। পরে সামরিক তথ্য পাচারের সত্যতা নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।





