ভারতের ঘরের মাটিতে শক্তির পার্থক্য বোঝালো সেলেসাওরা

ব্রাজিলের জয় ৪-০ ব্যবধানে

মাঠে ব্রাজিলের খেলোয়াড়রা
মাঠে ব্রাজিলের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

ঘরের মাঠে প্রথমবার ব্রাজিলের তারকাদের দেখার সুযোগ। তাই কলকাতার যুবভারতীতে দর্শকদের উচ্ছ্বাস ছিলো বাঁধভাঙা। ভিনিসিয়াস-এস্তেভাওদের নৈপুণ্যে অবশ্য বড় জয় পেয়েছে সেলেসাওরা। গতকাল (শনিবার, ৩ অক্টোবর) ভারতকে ৪-০ গোলে হারিয়ে শক্তির পার্থক্যটা দেখিয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

কিছু ম্যাচ থাকে যেখানে জয়-পরাজয়ের হিসেব ছাপিয়ে যায় স্বপ্নপূরণের প্রাপ্তির আনন্দ। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবারের রাতটি ছিলো অনেকটা তেমন আবহেরই এক রাত। যেখানে চোখের সামনে প্রথমবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সরাসরি দেখার সুযোগ পেলেন ভারতের দর্শকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিলো ব্রাজিল। বাঁ দিক থেকে ভেতরে ঢুকে ৯ মিনিটেই শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংয়ের দৃঢ়তায় যাত্রা শুরু হয় গোল ঠেকানোর। ম্যাচে ব্রাজিলকে থামাতে হাই লাইন ডিফেন্সের ফাঁদ ভালোভাবেই পেতেছিলো স্বাগতিকরা। বেশ কয়েকবার অফসাইডে আটকা পড়েন ভিনি-পেদ্রোরা।

আরও পড়ুন:

শেষ পর্যন্ত ২৮ মিনিটে ডেডলক ভাঙেন এস্তেভাও। তার জোরালো শট ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন ভারতের গোলরক্ষক গুরপ্রীত। বিরতিতে যাওয়ার আগেই পেদ্রোর হেডে লিড দ্বিগুণ করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসসহ চার পরিবর্তন নিয়ে নামেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। যেখানে সবচেয়ে বড় বাজিমাত স্যামুয়েল লিনোর। ৫৮ মিনিটে ভারতের বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে সেলেসাও জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। যোগ করা সময়ে স্কোরশিটে নাম তুলে রাতটা স্মরণীয় করেই রাখেন লিনো।

শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল। যদিও শেষ বাঁশি বাজার পর ফল ছাপিয়ে জায়গা করে নেয় ভ্রাতৃত্বের বন্ধন। ভারতীয় খেলোয়াড়রা ব্রাজিলিয়ান তারকাদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বিশেষ করে ভিনিসিয়াসকে ঘিরে ছিলো বাড়তি উচ্ছ্বাস। দর্শকদের জন্যও রাতটি হয়ে থাকলো ফুটবলের প্রিয় তারকাদের কাছ থেকে দেখার এক বিশেষ অভিজ্ঞতা।

এসএইচ