কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ১৫

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষ
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক নিয়ে দুই পক্ষের বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাম মোস্তফা ওরফে ‘টেংগর’ নামে (৫৮) এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত ১৫জন।

আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামে পটল ও আজা মেম্বর গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সহিংস ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বেশ কয়েকদিন ধরেই দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামের পটল ও আজা মেম্বার গ্রুপের মধ্যে মাদক নিয়ে বিরোধ চলে আসছিল।

ওই ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফা মীমাংসার চেষ্টাও করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে পুনরায় পটল ও আজা গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশিয় অস্ত্র প্রদর্শনের পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন পটল গ্রুপের গোলাম মোস্তফা ওরফে টেঙ্গর। আহত হন উভয় গ্রুপের অন্তত ১৫ জন। নিহত টেঙ্গরের শরীরে ধারালো অস্ত্র ও গুলি বর্ষণের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

এফএস