উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে সিউলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'দক্ষিণ কোরিয়ার অধিবাসীদের জন্য এমন নিচু ও নোংরা নাটকমঞ্চস্থ করার বিষয় মোটেই নতুন নয়।' পিয়ংইয়ং সামরিক সদস্যরা কখনো দুই দেশের সীমান্ত অতিক্রম করেনি বলে তিনি দাবি করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে উত্তর কোরিয়ার পুতে রাখা মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনাসদস্য আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এর পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এবং যুদ্ধবিরতি তদারককারী জাতিসংঘ কমান্ড যৌথ তদন্ত পরিচালনা করে।
জাতিসংঘ কমান্ড বুধবার এক বিবৃতিতে জানায়, তদন্ত দল ওই এলাকায় উত্তর কোরিয়ার তৈরি আরও একটি সক্রিয় সেনাবিরোধী মাইন খুঁজে পেয়েছে, যা সীমান্তরেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার অংশে স্থাপন করা হয়েছিল। ফলে এটি একটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে তারা সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়া সীমান্ত প্রতিরক্ষা জোরদারের নামে উত্তর কোরিয়ার কাজ বন্ধ ও ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানালে, কিম ইয়ো জং কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার দিক থেকে ভুল করে একটি গুলিও যদি তাদের ভূখণ্ডে এসে পড়ে, তবে তার পরিণতি হবে ভয়াবহ।
