বাজিতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী
প্রতীকী | ছবি: সংগৃহীত
0

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল ওরফে সাগর মিয়া বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় বাবার বাড়িতে রান্না করছিলেন ঝর্ণা আক্তার।

এ সময় স্বামী ইসমাইলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল ছুরি দিয়ে ঝর্ণা আক্তারকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝর্ণা আক্তারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় স্বামী ইসমাইলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘদিন মামলার বিচার কার্যক্রম চলার পর সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান আসামি ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার উপস্থিতি ছিলোনা আদালতে।

এএইচ