চার দশক পর পারমাণবিক শক্তিতে ফিরছে ইতালি; পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি | ছবি: সংগৃহীত
0

প্রায় চার দশক আগের গণভোটের সিদ্ধান্তের ইতি টেনে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালুর সরকারি পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেট। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ঐতিহাসিক এই অনুমোদনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি প্রশাসন ইতালির ভারী শিল্পে কার্বন নিঃসরণ কমানো ও বৈশ্বিক সংকটকালীন সময়ে জ্বালানি নিরাপত্তা জোরদারের পথ সুগম করল। ১৯৮৭ সালের গণভোটে ইতালির সাধারণ মানুষ পরমাণু বিদ্যুতের বিপক্ষে রায় দেওয়ায় দেশটির সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার দাবি করেছে, আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কারণে আগের গণভোটের প্রাসঙ্গিকতা এখন আর নেই।

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির চরম মূল্যবৃদ্ধির প্রভাব থেকে নিজস্ব অর্থনীতিকে রক্ষা করতেই মূলত এই পদক্ষেপ নিয়েছে মেলোনি প্রশাসন। ভোটগ্রহণ শেষে ইতালির পরিবেশ ও শক্তি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জিলবার্তো পিকেত্তো ফ্রাতিন বলেন, ‘টেকসই পারমাণবিক বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির মেলবন্ধন ইতালিকে একটি নিরাপদ, স্বাধীন ও প্রতিযোগী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।’

ইতালি তাদের প্রয়োজনীয় জ্বালানির বড় অংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল, যার মধ্যে প্রতিবেশী দেশ ফ্রান্সের পারমাণবিক কেন্দ্রগুলো থেকে আনা বিদ্যুৎও রয়েছে। সরকারি প্রাক্কলন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে দেশের মোট প্রয়োজনীয় বিদ্যুতের অন্তত ১১ শতাংশ পারমাণবিক উৎস থেকে সরবরাহ করতে পারলে কার্বন কমানোর প্রক্রিয়ায় প্রায় ১,৭০০ কোটি ইউরো সাশ্রয় হবে। এই শেয়ার ভবিষ্যতে ২২ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।

আইন অনুযায়ী আগামী ১২ মাসের মধ্যে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বাস্তবায়নী আদেশ জারি করবে মেলোনি সরকার। একই সঙ্গে পুরানো স্থাপনা পুরোপুরি বন্ধ করা ও একটি স্বাধীন নিয়ামক সংস্থা গঠনের রূপরেখাও প্রস্তুত করা হবে। তবে বিরোধী মধ্য-বামপন্থি দলগুলো সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে নতুন বিদ্যুৎকেন্দ্রের জন্য অতিরিক্ত জমি বরাদ্দ না দেওয়ার আহ্বান জানিয়েছে।

এএম