দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘মেসি কাপ’

মেসি কাপ
মেসি কাপ | ছবি: সংগৃহীত
0

মেসির নামে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে মেসি কাপ। বিশ্বের নামীদামী সব ক্লাবের বয়সভিত্তিক অ্যাকাডেমিগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এবারে আসরে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল থেকে শুরু করে থাকছে মেসির ইন্টার মায়ামির অ্যাকাডেমি দলও।

মেসির নাম, বিশ্বের সেরা ক্লাবগুলোর অ্যাকাডেমি আর ভবিষ্যতের তারকাদের লড়াই। সব মিলিয়ে খুদে ফুটবলারদের জমজমাট আসর হতে যাচ্ছে মেসি কাপ।

২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ফোর্ট লডারডেলে বসবে এই টুর্নামেন্ট। ইন্টার মায়ামির স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের প্রতিযোগিতায় নামবে বিশ্বের ৩ মহাদেশের ১৬টি অ্যাকাডেমি।

প্রথম আসরে যেখানে অংশ নিয়েছিল আটটি দল, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। ইন্টার মায়ামির সঙ্গে টুর্নামেন্টে থাকছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, আয়াক্স ও বেনফিকার মতো ইউরোপিয়ান জায়ান্টরা।

দক্ষিণ আমেরিকা থেকেও থাকছে পালমেইরাস, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, নিওয়েলস ওল্ড বয়েজ ও ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়ের মতো ক্লাব।

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেয়ার সুযোগ করে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

আসরটির আয়োজক লিওনেল মেসির মতে, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই সময়ে তরুণদের জন্য এমন প্রতিযোগিতা বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে।

বিশ্বজুড়ে মেসি কাপের ম্যাচ দেখা যাবে ডিজনি প্লাস, ইএসপিএন প্লাস ও ইএসপিএনের বিভিন্ন চ্যানেলে।

ইএ