যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গতকাল (রোববার, ২০ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগে পড়ে থাকতে দেখা যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ককটেলগুলো উদ্ধার করে।

পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম-নীতি অনুসরণ করে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ