যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লিওনি ব্রিঙ্কেমা গত বুধবার ১০৬ পৃষ্ঠার এক রায়ে এ নির্দেশনা দেন। বিচারক উল্লেখ করেন, অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগলের একচেটিয়া প্রভাব খর্ব করে সুষ্ঠু প্রতিযোগিতা ফেরাতে এই পদক্ষেপগুলো কার্যকর হবে। এই নির্দেশনা আগামী ছয় বছর পর্যন্ত বহাল থাকবে। তবে মার্কিন বিচার বিভাগ চেয়েছিল এটি ১৫ বছর কার্যকর থাকুক।
আদালতের রায়ে বলা হয়েছে, যেসব ওয়েবসাইট বিজ্ঞাপনের জন্য গুগলের অ্যাড সার্ভার ব্যবহার করে, তাদের ওপর বাধ্যতামূলকভাবে গুগলের নিজস্ব নিলাম ব্যবস্থা অ্যাডএক্স চাপিয়ে দেয়া যাবে না। একই সঙ্গে অন্য প্রতিদ্বন্দ্বী অ্যাড সার্ভার ব্যবহারকারী প্রকাশকদেরও অ্যাডএক্সে রিয়েল-টাইম নিলামে অংশ নেয়ার সুযোগ দিতে হবে।
গুগল জানিয়েছে, গুগল অ্যাড ম্যানেজার সম্পর্কিত আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে। তাদের দাবি, এই ব্যবসা আলাদা করে দিলে ক্ষুদ্র উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতেন। তবে মার্কিন বিচার বিভাগের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড জুনিয়র এই রায়কে বাজারে উন্মুক্ত প্রতিযোগিতা ফিরিয়ে আনার পদক্ষেপে একটি ‘উল্লেখযোগ্য বিজয়’ বলে অভিহিত করেছেন।
এই রায়ের ফলে গুগল তার ইন্টারনেট সাম্রাজ্য ভেঙে যাওয়ার ঝুঁকি থেকে সাময়িকভাবে রক্ষা পেল, যা ওপেনএআই বা অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দৌড়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে রাখতে সাহায্য করবে। এর আগে গত সেপ্টেম্বরে অনলাইন সার্চ সংক্রান্ত এক মামলায় গুগলকে প্রতিযোগিতা উন্মুক্ত করার নির্দেশ দেয়া হলেও জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রির নির্দেশ দেয়া হয়নি। গত বছর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের আয়ের প্রায় ৭৩ শতাংশই এসেছে বিজ্ঞাপন খাত থেকে।





