নারায়ণগঞ্জে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ
ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নিখোঁজের পর দিন মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে আজ সকালে কাঁচপুরস্থ ‘জালালাবাদ ঔষধ কোম্পানি’র পেছনের একটি ভাঙারি গোডাউনের ডোবায় একটি রহস্যজনক বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পরবর্তীতে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রকৃত ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আমাদের তদন্ত চলমান।

এএইচ