নেপাল সীমান্ত বন্যা: পাঁচ হাজার নিখোঁজ মানুষের খোঁজে প্রহর গুনছেন স্বজনেরা

নিখোঁজ ব্যক্তিদের ছবির নোটিশ বোর্ডের ছবি তুলছে এক শিশু
নিখোঁজ ব্যক্তিদের ছবির নোটিশ বোর্ডের ছবি তুলছে এক শিশু | ছবি: রয়টার্স
0

নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যার তিন সপ্তাহ পরও সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে স্বজনদের ফিরে পাওয়ার কোনো নিশ্চিত তথ্য না থাকলেও তারা বেঁচে আছেন—এমন অলৌকিক আশায় প্রহর গুনছেন পরিবারগুলো।

গত ২৬ আগস্ট হিমালয় সংলগ্ন পাহাড়ি ঢল থেকে নেমে আসা কাদা ও পাথরের স্রোতে নেপালের জিরোং সীমান্ত চৌকি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে নেপাল অংশে ৫ হাজার ১৩০ জন এবং চীনের তিব্বত অংশে ৫১৯ জন মানুষ নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে বহু বিদেশি নাগরিক ও তীর্থযাত্রী রয়েছেন। বন্যায় এখন পর্যন্ত নেপাল অংশে অন্তত ১,৩৮৬ জন এবং চীন অংশে ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কৈলাশ মানস সরোবরে তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ হন ভারতের হায়দরাবাদের বাসিন্দা ৩৩ বছর বয়সী আরুষি গুপ্ত। তার বাবা অজয় গুপ্ত বলেন, ‘আমরা নিশ্চিত যে সে সীমান্তের তিব্বত অংশে কোনো উঁচু স্থানে নিরাপদে রয়েছে।’ একইভাবে ৪৭ জন ইউক্রেনীয় তীর্থযাত্রীর একটি দলের সঙ্গে গিয়ে নিখোঁজ হয়েছেন এলেনা হরলোভা। নরওয়েতে অবস্থানরত তার মেয়ে ভ্লাদিস্লাভা হরলোভা বলেন, ‘তাদের মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাই সামান্য হলেও আশা আঁকড়ে ধরে আছি।’

পাহাড়ি উপত্যকায় প্রায় ২২ লাখ টন কাদা ও পাথর জমা হওয়ায় উদ্ধার ও তল্লাশি অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে নেপাল ও চীন কর্তৃপক্ষ। তবে অনুসন্ধান চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বজনদের হালনাগাদ তথ্য জানাতে উভয় দেশ আন্তর্জাতিক হটলাইন চালু রেখেছে।

এএম