প্রথমবারের মতো ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেন ইয়েলেনা রিবাকিনা

ইয়েলেনা রিবাকিনা
ইয়েলেনা রিবাকিনা | ছবি: সংগৃহীত
0

বেলারুশের টেনিস তারকা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হলেন ইয়েলেনা রিবাকিনা। এই জয়ে সাবালেঙ্কার ১৯ ম্যাচের জয়যাত্রা থামার পাশাপাশি বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন ২৭ বছর বয়সী এই কাজাখ তারকা।

র‌্যাংকিংয়ের দুইয়ে থেকে নিউইয়র্কে এসেছিলেন ইয়েলেনা রিবাকিনা। তবে ইউএস ওপেনের ফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে এক নম্বর জায়গা নিশ্চিত করেই ফিরছেন তিনি। সেই সঙ্গে স্পর্শ করেছেন বেশ কিছু মাইলফলকও।

তিন সেটের লড়াইয়ে প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে যান রিবাকিনা। দ্বিতীয় সেটে ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন সাবালেঙ্কা। তবে শেষ সেটে আর সুযোগ দেননি কাজাখ তারকা। ৬-২ গেমে সেট জিতে রিবাকিনা নিশ্চিত করেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম। চলতি মৌসুমে দ্বিতীয়। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েই শিরোপা জিতেছিলেন তিনি।

রিবাকিনার এই জয়ে থামল সাবালেঙ্কার টানা ১৯ ম্যাচের জয়যাত্রা। নিউইয়র্কে ২০২৩ সালের পর আর হারেননি বেলারুশিয়ান তারকা। এবার সেই ধারায় ছেদ টানলেন রিবাকিনা।

এবারের ইউএস ওপেনে রিবাকিনার অংশগ্রহণই ছিল অনিশ্চিত। সিনসিনাটিতে চোট পেয়ে কয়েক দিন হাঁটতেও পারেননি। সেই শঙ্কা পেরিয়ে নিউইয়র্কে এসে এখন হাতে ট্রফি, সঙ্গে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

২০২২ সালে উইম্বলডন, এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর ইউএস ওপেন—রিবাকিনার গ্র্যান্ড স্লামের সংখ্যা এখন তিন। ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করতে বাকি শুধু ফ্রেঞ্চ ওপেন।

ইএ