হবিগঞ্জে নারীদের গোসলের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৫০

সংঘর্ষস্থল পরিদর্শনে পুলিশ
সংঘর্ষস্থল পরিদর্শনে পুলিশ | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা কাজী লুৎফুর রহমানের বাড়ির পেছনের পুকুরে তার পরিবারের নারীরা গোসল করছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা এজারত মিয়ার দুই ছেলে নারীদের গোসলের ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর জের ধরে রোববার সকালে কাজী লুৎফুর রহমান ও এজারত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইএ