দীর্ঘ ১১ বছর ধরে ক্যাম্প ন্যুতে নেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। মাঝে একাধিকবার সেমিফাইনাল পর্যন্ত গেলেও বার্সেলোনাকে হতে হয়েছে হতাশ। তবে, দারুণ ছন্দে থাকায় আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের আসরে বার্সাকে ফেভারিট মানতেই হচ্ছে। লিগে দারুণ শুরুর পর এবার হ্যান্সি ফ্লিক শিষ্যদের সামনে ইউরোপিয়ান পর্বে নিজেদের উপস্থিতি জানান দেয়ার পালা। আর তাতে বার্সার প্রতিপক্ষ ফেইনুর্দ।
ডাচ লিগের দলটি চলতি মৌসুমে নিজেদের প্রথম ৫ ম্যাচে এখনো অপরাজিত। তবে, বার্সেলোনার সামনে বড় পরীক্ষাই অপেক্ষা করছে তাদের। লিগের ৪ ম্যাচে ১৭ গোল করা বার্সেলোনার আক্রমণভাগ ঝড় তুলতে পারে প্রতিপক্ষের ডি-বক্সে। ১৯৭৫ সালের পর প্রথম ক্যাম্প ন্যু ভ্রমণ সুখের নাও হতে পারে ফেইনুর্দের।
রাতের আরেক বিগ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল। কোভিড পরবর্তী সময়ে দুই দল অনেকটাই চেনা একে অন্যের। সবশেষ ৫ বছরে ৫ ম্যাচে লিভারপুল জিতেছে ৩ ম্যাচ। অ্যাতলেটিকোর জয় ২টি। কাকতালীয়ভাবে দুই দলই নিজেদের লিগে আছে ৬ নম্বরে। লিগ মৌসুমের শুরু ভাল না হলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মেলে ধরতে মরিয়া দুই দলই। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।
একই রাতে মাঠে নামছে গেলবারের দুই ফাইনালিস্ট আর্সেনাল এবং পিএসজি। টানা দুইবারের শিরোপাধারী পিএসজি পাচ্ছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। লুইস এনরিকের শিষ্যরা খেলবে স্লোভান বাতিস্লাভার বিপক্ষে। তবে, কঠিন পরীক্ষা হতে পারে আর্সেনালের। ইতালিয়ান লিগের রানার আপ নাপোলি অপেক্ষা করছে লন্ডনের ক্লাবটির জন্য।





