গেলো দুই মৌসুম ধরেই ইতালিয়ান লিগের শীর্ষ দুই স্থান দখলে রেখেছিলো নাপোলি এবং ইন্টার মিলান। গুইসেপ্পে মেজ্জায় দুই দলের ম্যাচটা তাই উত্তাপ ছড়িয়েছিল অনেকটা। যদিও গোলের জন্য ম্যাচে অপেক্ষা ছিলো ৫০ মিনিট পর্যন্ত। মাত্তেও পলিতানো মৌসুমে নিজের প্রথম গোলে এগিয়ে দেন নাপোলিকে। ৩ মিনিট পরেই রাসমুস হয়লুন্দের গোলে ২-০ গোলে এগিয়ে যায় গেলবারের রানার্সআপরা।
আর সেখান থেকেই প্রত্যাবর্তনের শুরু ইন্টারের। ৫৬ মিনিটে লউতারো মার্তিনেজ শোধ করেন এক গোল। ৮২ মিনিটে মার্কাস থুরাম গোল করলে নেরাজ্জুরিরা ফিরে আসে ম্যাচে। আর ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে স্বাগতিকদের জয়সূচক গোল এনে দেন লউতারো মার্তিনেজ।
লিগ লিডার রোমাও পেয়েছে এমনই প্রত্যাবর্তনের জয়। আতালান্তার বিপক্ষে ৪৭ মিনিটে পিছিয়ে পড়লেও ৯০ মিনিটে মারিও হেরমোসো এবং ৯৩ মিনিটে মাতিয়াস সৌলে গোল করে ৩ পয়েন্ট এনে দেন রোমাকে।
বুন্দেসলিগায় প্রত্যাবর্তনের স্ক্রিপ্ট লিখেছে বুরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে হফেনহাইম ম্যাচের ৫৪ মিনিটেই এগিয়ে যায় ২-০ ব্যবধানে। হারের শঙ্কায় ধুকতে থাকা ডর্টমুন্ড প্রথম গোল পায় সেহরু গুইরাসির কল্যাণে। ৬৬ মিনিটে ফ্যাবিও সিলভা গোল করলে ম্যাচে ফেরে ডাই বুরুশেন। আর ম্যাচের ৮৬ মিনিটে আলবিয়ান হাজদারির আত্মঘাতী গোল মৌসুমের দ্বিতীয় জয় এনে দেয় ডর্টমুন্ডকে।
ইউরোপের বাকি দলগুলোর মতো অবশ্য ভুগতে হয়নি ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিকে। একতরফা ম্যাচে পুরোটা জুড়েই আধিপত্য ছিলো সিটিজেনদের। যদিও নবাগত কভেন্ট্রি সিটির বিপক্ষে তাদের গোল মোটে ১টি। আর্লিং হালান্ডের লক্ষ্যভেদে লিগ টেবিলের শীর্ষে উঠেছে ম্যান সিটি।





