মাঠের ভেতরে গতি আর স্কিলে প্রতিপক্ষকে পরাস্ত করা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণ করার পরিকল্পনা। সেটাও আবার জেলে বসেই। ভয়ঙ্কর অপরাধ চক্রের মূল লক্ষ্যবস্তু হয়ে উঠবেন এমবাপ্পে তা হয়তো কেউ কল্পনাও করেনি।
তবে এই পরিকল্পনার মধ্যে শুধু কিলিয়ান এমবাপ্পে একা নন, তিনি ছাড়াও ফ্রান্সের র্যাপার সঙ্গীতশিল্পী, দেশটির বড় জুয়েলারি ব্যবসায়ী, একজন তুর্কি ও একজন চীনা পাইকারি ব্যবসায়ীসহ মোট ২৬ জন ছিলেন।
তবে ফরাসি পুলিশের গোয়েন্দা তৎপরতায় খুব বেশিদূর এগোতে পারেনি পুরো পরিকল্পনার মূল হোতা ১৮ বছর বয়সী ক্লেমন্ত এল। ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ল্য পারিসিয়েন এর এক প্রতিবেদনে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। পুরো ষড়যন্ত্রের মূল হোতা ১৮ বছর বয়সী ফরাসি তরুণ ক্লেমন্ত এল। অপরাধ জগতে যে লেস্টার জেড নামে পরিচিত। সশস্ত্র ডাকাতি এবং অনৈতিক কাজের অপরাধে সে ইতিমধ্যেই ফ্রান্সের ভিলপ্যাঁত কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন।
আরও পড়ুন:
বন্দি থাকা সত্ত্বেও এই তরুণ কারাগারের ভেতরে দু’টি চোরাই মোবাইল ব্যবহার করছিল। স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে সে জেলের বাইরে থাকা তার পুরো গ্যাংকে পরিচালনা করত। মূলত প্যারিসের একটি নামী ঘড়ির দোকানে ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এই চক্রের সন্ধান পায়। তবে এখন প্রশ্ন জেলে থাকা অবস্থায় এই বন্দির কাছে ফোন কীভাবে আসলো। এ নিয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে বলে এমন তথ্য প্রতিবেদনটির মাধ্যমে জানানো হয়েছে।
পুলিশ সেই বন্দির মোবাইল তল্লাশি করে এমবাপ্পেসহ ২৬ জন হাই প্রোফাইল ব্যক্তির গুরুত্বপূর্ণ সব তথ্য ও তাদের বাড়ির ঠিকানা ছিল।
মূলত বিপুল অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই এই স্বনামধন্য ব্যক্তিদের অপহরণ করার পাশাপাশি তাদের বাড়িতে সশস্ত্র হামলার পরিকল্পনা সাজিয়েছিল এই চক্র।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৮ বছরের এই অপরাধী নিজেকে নির্দোষ দাবি করেছে বলে জানা গেছে। তবে আদালত কোনো ঝুঁকি না নিয়ে তাকে বর্তমানে সম্পূর্ণ একাকী কারাকক্ষে স্থানান্তর করেছে এবং জেলের বাইরে থাকা তার সহযোগীদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে ফ্রান্স পুলিশ।





