হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ, আহত ৪০

টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ | ছবি : এখন টিভি
0

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আধাঁরে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ৩০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠে প্রতিদিন গ্রামের শিশু-কিশোররা ফুটবল খেলে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে—এ নিয়ে দুই মহল্লার শিশু-কিশোরদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচটি মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।’

এফএস