এ যেন সাপে-নেউলে সম্পর্ক। হুলিয়ান আলভারেজের দলবদল ঘিরে বার্সেলোনা আর অ্যাতলেটিকো মাদ্রিদের মাঝে যা হচ্ছে, তাতে এর চেয়ে ভালো বিশেষণে বিশেষায়িত করার সুযোগই বা কই! একদিকে বার্সায় যোগ দিতে চান আলভারেজ, কাতালান ক্লাবও তাকে বরণে প্রস্তুত। অন্যদিকে বার্সা ছাড়া অন্য যেকোনো ক্লাবেই তাকে যেতে দিতে রাজি অ্যাতলেটিকো।
বিশ্বকাপের সময় শুরু দুই দলের টানাপোড়েন। ২০৩০ সাল পর্যন্ত অ্যাটলেটিকোর সাথে আলভারেজের চুক্তির মেয়াদ থাকলেও চলতি মৌসুমেই দল ছাড়তে চান এই ফরোয়ার্ড। তাকে পেতে শুরু থেকেই আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। কিন্তু কাতালান ক্লাবটির কাছে কিছুতেই তাকে বিক্রিতে রাজি নয় লাল-সাদারা।
ভিয়ারিয়াল ম্যাচ শেষে ক্লাবের সঙ্গে আলভারেজের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়। সেদিন ঘরের মাঠেই দর্শকদের দুয়োধ্বনিতে মাঠ ছাড়েন তিনি। এই ফরোয়ার্ডের চেহারাতেও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। শেষমেশ আলভারেজকে ছাড়তে ক্লাবকে সবুজ সংকেত দিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে।
এদিকে আলভারেজকে দলে পেতে আগ্রহ দেখায় আর্সেনাল ও পিএসজি। ক্লাব দুটির সঙ্গে কথা এগিয়ে নিতে অ্যাটলেটিকো আগ্রহ দেখালেও বেঁকে বসেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরিষ্কার জানিয়ে দেন, শুধু বার্সাতেই যেতে চান তিনি। একইদিন অসুস্থতার কথা বলে দলের অনুশীলনে যোগ দেননি এই ফরোয়ার্ড।
এর মাঝে বুধবার বার্সা সভাপতি হোয়ান লাপোর্তে পুনরায় আলভারেজকে পেতে আগ্রহের কথা জানান। পছন্দের তারকাকে পেতে আরও বেশি অর্থ প্রস্তাবের কথাও ভাবছে বার্সা।
চলমান সংকটের মাঝে স্প্যানিশ দৈনিক মার্কায় অ্যাতলেটিকো কর্তৃপক্ষ জানায়, তারা আলভারেজকে বার্সেলোনা ছাড়া যেকোনো ক্লাবে বিক্রিতে প্রস্তুত।
সবমিলিয়ে আলভারেজের দলবদল ইস্যুর দিকেই নজর ফুটবলপ্রেমীদের। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র কয়েক দিন। আর তাই শেষ মুহূর্তে যেকোনো পক্ষের সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো গল্প।





