ভোলা ও লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

অভিযানে জব্দ নিষিদ্ধ পলিথিন
অভিযানে জব্দ নিষিদ্ধ পলিথিন | ছবি : সংগৃহীত
0

ভোলা ও লক্ষ্মীপুরে পৃথক দুটি অভিযানে প্রায় ৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড দক্ষিণ জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুরের রামগতি থানাধীন সেকান্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট রামগতি। এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৭১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিনের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানার হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা।

আরও পড়ুন:

অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যাওয়ায় তাকেও আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ দূষণ রোধ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এফএস