‘আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী’—সাকিব ইস্যুতে অবস্থান বদলের ইঙ্গিত আসিফ আকবরের

সাকিব আল হাসান ও আসিফ আকবর
সাকিব আল হাসান ও আসিফ আকবর | ছবি : সংগৃহীত
0

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানকে ঘিরে নিজের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।

যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকেই ইঙ্গিত করেছেন।

গত মার্চে যুক্তরাজ্যে সাকিব আল হাসানের জন্মদিনে অংশ নিয়েছিলেন আসিফ আকবর। সে সময় দুজনকে একসঙ্গে কেক কাটতে এবং একে অপরকে কেক খাইয়ে দিতে দেখা যায়। ওই অনুষ্ঠানে সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এছাড়া, গত ৪ মার্চ গণমাধ্যমে আসিফ আকবর বলেছিলেন, সাকিবের বিরুদ্ধে থাকা আইনগত জটিলতা নিরসনে বিষয়টি মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে। তখন তিনি আশা প্রকাশ করেছিলেন, সমন্বিত উদ্যোগে বিষয়টির সমাধান হবে।


আসিফ আকবরের পোস্ট |ছবি : এখন টিভি


তবে, গতকাল (বুধবার, ৫ আগস্ট) সন্ধ্যায় ভারতের দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে শ্রীলঙ্কা থেকে ভার্চুয়ালি যুক্ত হন সাকিব আল হাসান। এর কিছু সময় পরই মাগুরায় সাকিবের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন:

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, হামলায় বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির লোহার গেটে পেট্রল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিল। তবে পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাকিব আল হাসান ২০২৪ সালের ‘বিতর্কিত’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায়ও তার নাম রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়, যার মধ্যে ২৮ নম্বরে রয়েছে সাকিবের নাম।

এনএইচ