আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে এবং জুলাই চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবো।’
আইনমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া আলোচনা থেকেই জুলাই সনদ তৈরি হয়েছে। তাই সেই আলোচনাকে ভিত্তি করেই সংবিধান সংশোধনের কাজ করা হবে।’ এর সঙ্গে কোনো বিভেদের জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘পুরো সংবিধান পর্যালোচনা করতে হবে, যাতে একটি ধারার সঙ্গে আরেকটি ধারার সামঞ্জস্য বজায় থাকে। শুধু আবেগের বশে নয়, জুলাই সনদের মূল বিষয়গুলো বিবেচনায় নিয়েই সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করতে। জুলাই শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই সংশোধনী প্রস্তাব সংসদে আনা হবে।’
আরও পড়ুন:
জুলাই সনদের ৪৭ ধারা হুবহু সংবিধানে যুক্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সনদকে সাংবিধানিক আইনের পরিভাষায় রূপান্তর করা হবে।’
বিএনপির আপত্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদেই এর সমাধানের বিষয়টি উল্লেখ রয়েছে। কোনো বিষয়ে কোনো রাজনৈতিক দলের দ্বিমত থাকলে এবং তা নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত থাকলে সেটি প্রাধান্য পাবে।’
বিরোধীদল কমিটিতে অংশ না নিলে সংশোধন কতটা বাস্তবসম্মত হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধীদলের মতামত নেয়ার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে। জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দলের অংশগ্রহণ রয়েছে এবং সেখানে বিরোধীদলের সুপারিশও অন্তর্ভুক্ত আছে।’
বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, সংবিধান সংশোধনের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেয়া হবে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অবসরপ্রাপ্ত বিচারকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবে কমিটি।
এদিকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘সংবিধান সংশোধন আগামী এক-দুই বছরের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে করা হবে।’ বিরোধীদলের জন্য কমিটির দরজা খোলা রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘সময়ের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান সংশোধন হয়েছে। সংশোধন ও সংস্কারের মধ্যে মূলত বড় কোনো পার্থক্য নেই।’




 is displayed-320x167.webp)