স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি মাছ ধরার উদ্দেশে কালিন্দী নদীতে যান। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে সন্ধ্যা পর্যন্তও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন:
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় তার মৃতদেহটি ভেসে ওঠে। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, কালিন্দী নদীতে মাছ ধরার সময় কোনো এক পর্যায়ে পিয়ার আলী নদীতে পড়ে যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যেহেতু সীমান্ত নদীতে এই ঘটনা ঘটেছে তাই এখনি মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’





