এক দশক পর ডাগআউটে মৌরিনিও: ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নতুন সাজে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ | ছবি: সংগৃহীত
0

পরপর দুই মৌসুম ট্রফি শূন্য থাকার পর নতুন করে দল গুছিয়েছে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পরিবর্তনের ছোঁয়া লেগেছে প্রায় প্রতিটা সেক্টরে। এক দশক পরে যেমন দলটির ডাগআউটে ফিরছেন দ্য স্পেশাল ওয়ান হোসে মৌরিনিও। তেমনি ঢেলে সাজানো হয়েছে পুরো দলকে। নতুন সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নতুন বছরের পরিকল্পনা।

নতুন মৌসুম, নতুন আশা, আর ডাগআউটে পুরনো এক অভিজ্ঞ সেনাপতি! শেষ দুটি মৌসুমে ব্যর্থতার গ্লানি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে ইউরোপীয় ফুটবলের রাজা রিয়াল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে এখন জোর প্রস্তুতি। আর সেই প্রস্তুতির পুরোটা ছক কষছেন দ্য 'স্পেশাল ওয়ান' হোসে মৌরিনিও। দীর্ঘ এক দশক পর পুনরায় লস ব্ল্যাঙ্কোদের দায়িত্ব পেয়ে নিজের ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ডের প্রতিফলন ঘটাতে বিন্দুমাত্র সময় নষ্ট করছেন না তিনি।

স্প্যানিশ থার্ড টায়ার দল অ্যালকরকনের বিপক্ষে এক রুদ্ধদ্বার প্র্যাকটিস ম্যাচে নিজেদের পরখ করে নিলেন রিয়ালের তারকারা। আর্দা গুলার, এদুয়ার্দো কামাভিঙ্গাদের পাশাপাশি মাঠে দ্যুতি ছড়িয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো কিংবা গনসালো গার্সিয়ার মতো তরুণ তুর্কিরা। যদিও বিশ্বকাপ খেলা অন্যান্য জাতীয় দলের তারকাদের অনেকেই এখনও বিশ্রামে রয়েছেন, তবুও প্রাক-মৌসুম অনুশীলনে মৌরিনিওর অধীনে প্রতিটি ফুটবলারের নিবেদনে কোনো কমতি নেই।

আরও পড়ুন:

পর পর দুই মৌসুমে লা লিগার শিরোপা হাতছাড়া হওয়া এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়াটা মোটেও ভালো লাগেনি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। দলকে পুরনো গৌরব ফিরিয়ে দিতে ট্রান্সফার উইন্ডোতে রীতিমতো ঝড় তুলেছে রিয়াল। ডিফেন্স মজবুত করতে ডিন হুইসেন- ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পাশাপাশি নতুন সব তারকাদের দলে ভিড়িয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে মাদ্রিদিস্তারা। কিন্তু গল্প এখানেই শেষ নয়! পেরেজের নজর এখন মিডফিল্ড ও আক্রমণের ধার বাড়ানোতে। গুঞ্জন রয়েছে বিশ্বকাপের গোল্ডেন বল জেতা রদ্রিসহ ইউরোপের আরও বেশ কয়েকজন তরুণ তারকাকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে আসার।

আগামী ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মিশন। ডাগআউটে মৌরিনিওর অভিজ্ঞতা আর স্কোয়াডে তারুণ্য ও বিশ্বসেরা তারকাদের মেলবন্ধনে পেরেজের এই নতুন প্রজেক্ট কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় মাদ্রিদ সমর্থকরা।

ইএ