যশোরে ৪৬ লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্বর্ণের বারসহ পাচারকারী আটক
স্বর্ণের বারসহ পাচারকারী আটক | ছবি : সংগৃহীত
0

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বুধবার, ২২ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি হলেন; সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের সাদিকুর রহমান সুমন (৩৩)। তিনি মিজানুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, অভিযানের সময় আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকাও জব্দ করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩০ হাজার টাকা। নগদ টাকাসহ জব্দকৃত আলামতের মোট মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।’


এফএস