বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই। মুখোমুখি দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইতিহাস, আবেগ আর প্রতিশোধের গল্পে মোড়ানো এই দ্বৈরথে এবার যোগ হয়েছে নতুন এক অধ্যায়।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। আট গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন সমানতালে। আর সতীর্থ রদ্রিগো ডি পলের ভাষায়, দীর্ঘ ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার সত্যিকার অর্থেই বিশ্বকাপ উপভোগ করছেন মেসি। অধিনায়কের সেই আনন্দই ছড়িয়ে পড়েছে পুরো আর্জেন্টিনা শিবিরে।
আরও পড়ুন:
তবে সেমিফাইনালের পথ মোটেও সহজ নয়। শক্তিশালী ইংল্যান্ডকে যথেষ্ট সমীহ করছে লিওনেল স্কালোনির দল। জুড বেলিংহ্যামের দুর্দান্ত ফর্ম, হ্যারি কেইনের অভিজ্ঞতা এবং থমাস টুখেলের কৌশল সব মিলিয়ে ইংল্যান্ডও প্রস্তুত কঠিন পরীক্ষার জন্য।
অন্যদিকে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই ইতিহাসের রোমাঞ্চ। ১৯৬৬ বিশ্বকাপ থেকে ১৯৮৬-র ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' এই লড়াই বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী। তবে এবার অতীত নয়, দুই দলের চোখ কেবল ফাইনালের টিকিটে।
মেসির জাদু, নাকি বেলিংহ্যামের উত্থান? শেষ হাসি কে হাসবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি শিরোপার স্বপ্নে বিভোর ইংল্যান্ড? সেই উত্তর মিলবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনালের মহারণে।




