কোয়ার্টার ফাইনালের আগে দুশ্চিন্তায় ইংল্যান্ড শিবির

মিডফিল্ডার ডেক্লান রাইস, ডিফেন্ডার গুয়েহিক
মিডফিল্ডার ডেক্লান রাইস, ডিফেন্ডার গুয়েহিক | ছবি: সংগৃহীত
0

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে নামার আগে ইনজুরির থাবা ইংল্যান্ড দলে। মিডফিল্ডার ডেক্লান রাইস, ডিফেন্ডার গুয়েহিকে দলে পাচ্ছে না থমাস টুখেল। সেই সঙ্গে লালকার্ড শাস্তিতে দলের বাইরে ডিফেন্ডার জ্যারেল কোয়েনশা।

মেক্সিকোকে হারিয়ে শেষ আটের টিকিট মিললেও, ইংলিশ ড্রেসিংরুমে এখন আনন্দের চেয়ে আশঙ্কার মেঘটাই বেশি। আর্লিং হালান্ডকে কীভাবে আটকানো যাবে, সেই চিন্তায় যখন ঘুম হারাম কোচ থমাস টুখেলের, ঠিক তখনই একের পর এক দুঃসংবাদ ইংলিশ শিবিরে।

রক্ষণভাগের ভরসা ডিফেন্ডার মার্ক গুয়েহিকে নিয়েই তৈরি হয়েছে বড় সংশয়। মেক্সিকো ম্যাচের পর ধারণা করা হয়েছিল ক্লান্তিতে ভুগছেন গুয়েহি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, ইংলিশ ডিফেন্ডার ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। নরওয়ের শক্তিশালী আক্রমণের বিপরীতে রক্ষণের এ মূল স্তম্ভকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ইংল্যান্ডকে।

মাঝমাঠের দ্বিতীয় ধাক্কাটি আরও বেশি যন্ত্রণাদায়ক। দলের ইঞ্জিন খ্যাত ডেক্লান রাইস আগে থেকেই লোয়ার ব্যাক ও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন, তার ওপর নতুন করে যোগ হয়েছে ‘সিকনেস বাগ’ বা পেটের পীড়া। এই ভাইরাসের কারণে তাঁর চোটের অবস্থা আরও খারাপের দিকে। ক্যাম্পের বাকি ফুটবলারদের নিরাপদ রাখতে রাইসকে আপাতত কিছুটা আলাদাই রাখা হয়েছে

ইনজুরির এ চেইন রিঅ্যাকশনের মাঝেই টুখেলের পরিকল্পনাকে পুরোপুরি লণ্ডভণ্ড করে দিয়েছে ফিফার কঠিন সিদ্ধান্ত। মেক্সিকো ম্যাচে সরাসরি লাল কার্ড দেখা ডিফেন্ডার জ্যারেল কোয়েনশাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। এর মানে, নরওয়ে ম্যাচ তো বটেই, ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও খেলতে পারবেন না বায়ার লেভারকুসেনের এই তারকা।

তবে এই নিকষ অন্ধকারের মাঝেও টুখেলকে এক চিলতে আলোর দিশা দেখাচ্ছেন রিস জেমস। ইনজুরি কাটিয়ে চেলসির এই রাইট-ব্যাক বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন। কিন্তু নক-আউটের এ অগ্নিপরীক্ষায় টুখেল তার সেরা একাদশ কিভাবে সাজান-সেটাই এখন দেখার বিষয়।

জেআর