আজ (রোববার, ৫ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি সম্পূর্ণরূপে খালি ও পরিষ্কার করা হয়।
এছাড়া, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় ৮টি নার্সারির মালিককে ৮টি মামলার মাধ্যমে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, আজ সন্ধ্যা ৬ টার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সকল গাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।—বাসস





