হবিগঞ্জে ভাঙাচোরা সড়কে দুর্বিষহ যাত্রা, ক্ষতিগ্রস্ত যানবাহন

হবিগঞ্জে ভাঙা সড়ক
হবিগঞ্জে ভাঙা সড়ক | ছবি: এখন টিভি
0

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়ক। প্রায় ১৬ কিলোমিটার সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ। এতে যাত্রীদের চলাচলে সীমাহীন দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। তবে এলজিইডি বলছে, এরই মধ্যে সড়কের একাংশের সংস্কারকাজ শুরু হয়েছে, বাকি অংশের কাজও দ্রুত শুরু হবে।

হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়ক। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বিস্তীর্ণ দক্ষিণ বানিয়াচংয়ের লক্ষাধিক মানুষের জেলা শহরসহ সারা দেশের সঙ্গে যোগাযোগের একমাত্র স্থলপথ। বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ, ভেঙে পড়েছে সড়কের এজিং। বর্ষায় এসব গর্তে জমে কাদা-পানি, ফলে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।

যাত্রীদের মধ্যে একজন বলেন, ‘একজন রোগী যদি অসুস্থ হওয়ার লাগিয়া হসপিটালে নিয়ে যাওন লাগে, তারে নিতে নিতে আরও অসুস্থ হয়ে যায়গা।’

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কের বড় বড় গর্তে পড়ে প্রায়ই ছোট যানবাহন উল্টে যাচ্ছে। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এরইমধ্যে মানববন্ধন, পদযাত্রাসহ নানা কর্মসূচি পালন হলেও দূর হয়নি দুর্ভোগ।

আরও পড়ুন:

চালকদের মধ্যে একজন বলেন, ‘গাড়ির অবস্থা দেখলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। বৃষ্টির দিকে বৃষ্টির সময় তো চলাই যায় না রাস্তা দিয়া। রাস্তার অবস্থা একবারেই খারাপ।’

তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার সড়কের সংস্কারকাজ এরইমধ্যে শুরু হলেও বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে কাজ। তবে দ্রুতই বাকি অংশের টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।

হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন, ‘হবিগঞ্জ একরাম রাস্তাটি ২০২৫-২৬ অর্থবছরের জিওএম মেটেরিয়াল মেইনটেনেন্সের আওতায় মেইনটেনেন্স কার্যক্রম চলমান আছে। রাস্তাটি কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, ঠিকাদার কর্তৃক কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল। কিন্তু বৃষ্টিপাতের কারণে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। কারণ বৃষ্টিপাতের সময় কার্পেটিং কাজ করা সম্ভব হয় না। বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে সামনের ঠিকাদার কাজটি পুরোদমে শুরু করবে এবং রাস্তা স্পেশাল মেইনটেনেন্সের সকল কাজ সম্পন্ন করা হবে।’

বানিয়াচংয়ের মক্রমপুর, সুজাতপুর, মন্দরী, মুরাদপুর, পৈলারকান্দি ইউনিয়ন ছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। তাই দ্রুত পুরো সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এসএস

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!