মেক্সিকোর জয়ে উৎসব রূপ নিলো ট্র্যাজেডিতে; ভিড়ে প্রাণ গেল ৩ সমর্থকের

মেক্সিকো সিটির রাজপথে ১০ লাখেরও বেশি মানুষের ঢল নামে
মেক্সিকো সিটির রাজপথে ১০ লাখেরও বেশি মানুষের ঢল নামে | ছবি: বিবিসি
0

বিশ্বকাপ ফুটবলে মেক্সিকোর দুর্দান্ত জয় উদযাপনের সময় মেক্সিকো সিটির রাস্তায় ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১ জুলাই) ভোরে রাজধানীর স্বাস্থ্য সচিবালয় এই তথ্য নিশ্চিত করেছে। নকআউট পর্বের ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো শেষ ১৬ নিশ্চিত করার পর হাজার হাজার সমর্থক উৎসবে মেতে উঠলে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

কর্তৃপক্ষ জানায়, মেক্সিকো সিটির বিখ্যাত ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভের কাছে এবং পাসেও দে লা রিফর্মা বুলেভার্ড এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। জরুরি উদ্ধারকারী দল তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছিল। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। পরে ৪৮ বছর বয়সী আরেক নারী হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি ভবিষ্যতে সবাইকে ‘দায়িত্বশীলতা, সতর্কতা ও সহমর্মিতার’ সঙ্গে উৎসব করার আহ্বান জানান। দীর্ঘ ৪০ বছর পর নিজ দেশের অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়ায় মেক্সিকানদের মধ্যে নজিরবিহীন উন্মাদনা তৈরি হয়েছিল।

ফুটবল প্রেমীদের আনন্দ-উল্লাস আর গগনবিদারী স্লোগানের মধ্যেই রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে থাকা মানুষকে প্যারামেডিকদের সেবা দেয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২ কোটিরও বেশি মানুষের এই মহানগরী বড় বড় উৎসব ও জনসমাগমে অভ্যস্ত হলেও, অতিরিক্ত ভিড় এবার উৎসবের রাতে বিষাদের ছায়া নিয়ে এলো।

এএম