প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই জাতীয় প্রতিষ্ঠানটিতে পৌঁছে প্রধানমন্ত্রী এর প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।
পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও সাংগঠনিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের বর্তমান গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং চলমান প্রকল্পগুলোর বিস্তারিত চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
স্পারসোর কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল করার তাগিদ দেন। তিনি স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) মূলত দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি (স্যাটেলাইট টেকনোলজি) এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও এর ব্যবহারিক প্রয়োগে নিয়োজিত সরকারের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।





