ফুটবল বিশ্বকাপ: গ্রুপ ‘এফ’ থেকে নকআউটে নেদারল্যান্ডস ও জাপান

তিউনিসিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস
তিউনিসিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস | ছবি: সংগৃহীত
0

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের সমীকরণ। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। রানার্সআপ জাপান, আর সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউটে জায়গা পেয়েছে সুইডেন। অন্যদিকে, বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে তিউনিসিয়ার।

গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল নেদারল্যান্ডস। ম্যাচের তিন মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যার ডাচরা। সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রবি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হাজেম মাস্তৌরি এক গোল শোধ করলেও ৬২ মিনিটে ব্যবধান ৩-১ করেন ভ্যান হেক্কি। আক্রমণাত্মক ফুটবলে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় ডাচরা। এই জয়েই গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে আত্মবিশ্বাস নিয়ে শেষ ষোলোয় পা রাখে তারা।

অন্য ম্যাচে ছিল টানটান উত্তেজনা। জাপান ও সুইডেন দু’দলই একের পর এক আক্রমণ চালালেও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়। এই ড্রয়ে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে জাপান। আর তৃতীয় হয়েও সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা করে শেষ ষোলোর টিকিট কেটে নেয় সুইডেন।

আরও পড়ুন:

এদিকে গ্রুপ পর্ব শেষ হতেই সামনে এসেছে দু’টি হাইভোল্টেজ নকআউট লড়াই। এশিয়ার প্রতিনিধি জাপানের সামনে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো।

এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। একটি জয় পৌঁছে দেবে কোয়ার্টার ফাইনালে, আর একটি হারেই শেষ হয়ে যাবে শিরোপা জয়ের স্বপ্ন। তাই ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো দুই ম্যাচ ঘিরেই ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বকাপের নকআউট মঞ্চে কে এগিয়ে যাবে শেষ আটে, সেটিই দেখার অপেক্ষায় ভক্তরা।

এসএস