রাতে নির্ভার জার্মানদের প্রতিপক্ষ ইকুয়েডর; গ্রুপসেরা হতে নেদারল্যান্ডসের সামনে বাধা তিউনিশিয়া

জার্মানি ও নেদারল্যান্ডস ফুটবল টিম
জার্মানি ও নেদারল্যান্ডস ফুটবল টিম | ছবি : সংগৃহীত
0

বিশ্বকাপে রাতে মাঠে নামছে দুই ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি ও নেদারল্যান্ডস। ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়েই নক আউট পর্বে পা রাখতে চায় নাগেলসম্যানের শিষ্যরা। অন্যদিকে তিউনিশিয়ার বিপক্ষেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভার্জিল ভ্যান ডাইক বাহিনী। জার্মানি ও ইকুয়েডর মুখোমুখি হবে আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) রাত ২টায়, অন্যদিকে শুক্রবার ভোর পাঁচটায় মুখোমুখি হবে তিউনিশিয়া ও নেদারল্যান্ডস।

বিশ্বকাপের গ্রুপ ‘ই’তে শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে জার্মানি ও ইকুয়েডর। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে জার্মানরা এরই মধ্যেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে । কুরাসাওকে ৭-১ ও আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে দারুণ ছন্দে আছে ইউরোপের চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কোচ নাগেলসমান মনে করেন, নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে জয় পাওয়াটা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নকআউট পর্বের আগে দলকে ছন্দ ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। জার্মানির লক্ষ্য হলো এ ম্যাচ থেকেও ইতিবাচক ফল নিয়ে পরবর্তী পর্বে প্রবেশ করা।

অন্যদিকে ইকুয়েডরের সামনে কঠিন সমীকরণ। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে হারের পর কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দক্ষিণ আমেরিকার দলটি। তাই নকআউট পর্বে যেতে হলে জার্মানির বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

গ্রুপ ‘এফ’এ শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও তিউনিশিয়া। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ডাচরা। জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর সুইডেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে উড়ছে ইউরোপের দলটি। নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কুমান বলেছেন, তিউনিসিয়া টুর্নামেন্টে হতাশাজনক অবস্থায় থাকলেও তার দলকে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত থাকতে হবে।

অন্যদিকে তিউনিশিয়ার অবস্থা বেশ নাজুক। প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। সুইডেনের কাছে ৫-১ এবং জাপানের কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে বিদায়ের শঙ্কায় রয়েছে তারা।

তাই একদিকে গ্রুপসেরা হওয়ার লড়াই, অন্যদিকে সম্মান রক্ষার মিশন।

জেআর