আঞ্চলিক দেশগুলোর যুদ্ধে অংশ নেয়ার ‘অকাট্য প্রমাণ’ পেয়েছে ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই | ছবি: রয়টার্স
0

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধে এই অঞ্চলের কিছু দেশ সরাসরি অংশ নিয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ (মঙ্গলবার, ২৩ জুন) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ বিষয়ে তাদের কাছে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে এবং এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোকে আইনি পরিণতির মুখোমুখি হতে হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাংবাদিকদের ইসমেইল বাঘাই বলেন, ‘আঞ্চলিক কিছু দেশ এই যুদ্ধে অংশ নিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ইরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।’ তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। ইরানের এই অভিযোগের ফলে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে।

একই সঙ্গে ইরান ও লেবাননে ইসরাইলি হামলার সময় ইউরোপীয় দেশগুলোর অবস্থানেরও কঠোর সমালোচনা করেছেন বাঘাই। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ভুল নীতি অনুসরণের কারণে ইউরোপীয় শক্তিগুলো এখন ‘কোণঠাসা’ হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া দুটি যুদ্ধের সময় ইউরোপীয়রা যে ‘অনুপযুক্ত’ অবস্থান নিয়েছিল, তা পুরো বিশ্ব দেখেছে।

বাঘাই আরও বলেন, ‘ইউরোপের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ তাদের মর্যাদা বা গ্রহণযোগ্যতা কোনোভাবেই বাড়াবে না।’ তার মতে, সংকটের সময় ইউরোপীয় দেশগুলো গঠনমূলক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তারা তাদের গুরুত্ব হারিয়েছে।

এএম