আজ (সোমবার, ২২ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে। পরে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
আরও পড়ুন:
এসময় কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
অভিযানে জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত বোটটিও। একইসঙ্গে বোটে থাকা ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, কারেন্ট জাল সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধ্বংস হয়, যা দেশের মৎস্যসম্পদের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
সাগরপথে চোরাচালান প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের এ অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।





