ভার্সাই প্রাসাদে ট্রাম্পকে আপ্যায়িত করলেন ম্যাক্রোঁ; বৈরী সম্পর্ক উন্নয়নের চেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ | ছবি: রয়টার্স
0

আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল (বুধবার, ১৭ জুন) ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে আতিথেয়তা দেন ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাসাদের সিঁড়িতে ম্যাক্রোঁ দম্পতি ট্রাম্পকে স্বাগত জানান এবং তারা একসঙ্গে আলোকচিত্রীদের পোজ দেন। এক সময়ের ফরাসি রাজতন্ত্রের ঐশ্বর্যের প্রতীক এই প্রাসাদ দেখে ট্রাম্প মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘এটি অত্যন্ত সুন্দর।’ এর আগে জি-৭ সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প বলেছিলেন, সুন্দর জায়গার প্রতি দুর্বলতা থেকেই তিনি ম্যাক্রোঁর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ভার্সাই প্রাসাদ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘ভার্সাই কেবল সোনালি কারুকাজ নয়, এটি একটি আসল সম্পদ।’ বুধবার সন্ধ্যায় এই বিশেষ নৈশভোজ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাসাদ।

শুল্ক আরোপ, ইরান যুদ্ধ ও ইউক্রেন ইস্যু নিয়ে গত কয়েক বছর ধরে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে উভয় পক্ষই জানিয়েছে যে, এবারের জি-৭ সম্মেলন বেশ সফল হয়েছে। বিশেষ করে ইউক্রেন ইস্যুতে একটি যৌথ বিবৃতিতে একমত হতে পেরেছেন তারা।

সাবেক মার্কিন কূটনীতিক জেফরি হকিন্সের মতে, ডোনাল্ড ট্রাম্পকে গুরুত্বপূর্ণ ও সম্মানিত বোধ করানোই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট মূলত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটি কৌশল গ্রহণ করেছেন। ট্রাম্প যখন প্রাসাদে পৌঁছান, তখন রাস্তার দুই পাশে প্রচুর মানুষ তার মোটরশোভাযাত্রা দেখার জন্য ভিড় করেন।

এএম