অভিবাসন-বিরোধী আন্দোলনে উত্তাল আয়ারল্যান্ড

বাসে আগুন দেয়া হয়েছে
বাসে আগুন দেয়া হয়েছে | ছবি: সংগৃহীত
0

ছুরিকাঘাতের অভিযোগে এক সুদানি যুবক গ্রেপ্তারের জেরে অভিবাসন- বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ আয়ারল্যান্ড। মঙ্গলবার বেলফাস্টসহ একাধিক শহরে ভবন ও গাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। এরই মধ্যে দেশটির আইনমন্ত্রীর সাফ বার্তা, আয়ারল্যান্ডে মুখোশধারী সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। এছাড়াও, নাগরিকদের সংঘাতে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ বিভাগ।

রাস্তায় দাউ দাউ করে জ্বলছে সারিবদ্ধ করে রাখা যানবাহন ও বিভিন্ন ভবন। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে চারপাশ। আগুতে নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

মঙ্গলবার দিনভর বেলফাস্টসহ উত্তর আয়ারল্যান্ডের একাৃধিক শহর উত্তাল ছিল অভিবাসন- বিরোধী বিক্ষোভে। এসময় হুট করে কালো মাস্ক পরা প্রায় ১০০ জনের একটি দল সহিংসতায় জড়িয়ে পড়ে। ভাঙ্গচুর চালানো হয় বেশ কয়েকটি ভবন ও দোকানপাটে। একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় পুলিশের গাড়িসহ রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহনে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আয়ারল্যান্ডে কোনো মুখোশধারী সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী নাওমি লং। এছাড়াও, বিক্ষোভকারীদের সংঘাত পরিহার করে শান্ত থাকার আহ্বান জানিয়ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

উত্তর আয়ারল্যান্ডের পুলিশ প্রধান বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনা মানুষের মনে ভয় থেকে শুরু করে ক্রোধ তৈরি করছে। শান্তিপূর্ণ প্রতিবাদে সহায়তা করা এবং তার ব্যবস্থা করাই আমাদের কর্মকর্তাদের দায়িত্ব। তবে, উত্তর আয়ারল্যান্ডের প্রত্যেকেই গত দুই বছরে ঘটে যাওয়া বিশৃঙ্খলার কথা মনে রাখবে। এর পুনরাবৃত্তি কেউই দেখতে চায় না। এটি কেবল স্থানীয় সম্প্রদায়ের ক্ষতি করে এবং দুর্ভাগ্যবশত, তরুণরা প্রায়শই সেই বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে পড়ে।’

আরও পড়ুন:

আর ফায়ার সার্ভিস বলছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত আয়ারল্যান্ডজুড়ে ৬২টি অগ্নিসংযোগের খবর পাওয়া পেয়েছে তারা। এর মধ্যে শুধু বেলফাস্টেই ২১টি আগুনের ঘটনা ঘটে।

তবে গতকালের অগ্নিগর্ভ সংঘাতের নেপথ্যের কারণে সোমবারের একটি ছুরিকাঘাতের ঘটনা। সেদিন স্থানীয় সময় রাতে উত্তর বেলফাস্টের রাস্তায় একজন ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে জখম করে ৩০ বছর বয়সী এক যুবক। পরে তাকে হাতেনাতে আটকের পর পুলিশ কাছে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা।

এদিকে, উত্তর আয়ারল্যান্ডে ছুরিকাঘাতের ঘটনাকে ভয়াবহ ও মর্মান্তিক বলছেন দেশটির রাজনীতিবদরা। যা বাসিন্দাদের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি করেছে।

আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ওনিল বলেন, ‘ঘটনাটি ভয়াবহ ও মর্মান্তিক। আয়ারল্যান্ডে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই । আহত ব্যক্তি, তার প্রিয়জন এবং এই ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শুরুতে অভিযুক্তকে সোমালিয়ান ভাবলেও, পরে আয়ারল্যান্ডের পুলিশ নিশ্চিত করে তিনি সুদানের নাগরিক। ২০২৩ সালে যুক্তরাজ্যে শরণার্থী মর্যাদা লাভ করেন অভিযুক্ত। ২০২৮ সাল পর্যন্ত তার থাকার মেয়াদ রয়েছে। বুধবার গ্রেপ্তারকৃতকে ছুরিকাঘাত ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনসহ একাধিক অভিযোগে আদালতে তোলা হবে।

এফএস