সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সুন্দরবন
সুন্দরবন | ছবি: এখন টিভি
0

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (১০ মে) সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার এসে বাবলু গাজীর ওপর হামলা চালায়।

সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার করে এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বন সংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বাবা মালেক গাজী বলেন, ‘আমরা একসঙ্গে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।’

স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফিরে আসা মৌয়ালরা বলেন, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই তাদের জীবিকা নির্বাহ করতে হয়।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হলেও বাঘের আক্রমণের মতো ঘটনা মাঝেমধ্যেই ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

এএইচ