গত বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে দেখা করেন বিজয়। গতকাল (শুক্রবার, ৮ মে) সন্ধ্যায় তৃতীয়বারের মতো লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানালেও রাজ্যপাল তাতে সায় দেননি। রাজ্যপাল সাফ জানিয়েছেন, অন্তত ১১৮ জন নবনির্বাচিত এমএলএর (বিধানসভা সদস্য) সমর্থনের চিঠি জমা দিলেই কেবল বিজয়কে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হবে।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১১৮ জন এমএলএর সমর্থন। বর্তমানে বিজয়ের জোটে আছে ১১৬ জন। এর মধ্যে বিজয়ের নিজের দলের ১০৭ জন (বিজয় দুটি আসনে জেতায় মোট ১০৮ আসনের মধ্যে বর্তমানে এমএলএ ১০৭), কংগ্রেসের ৫ জন এবং বাম দলগুলোর ৪ জন রয়েছেন।
শেষ মুহূর্তে টিটিভি দিনাকরণের এএমএমকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) বিজয়কে সমর্থন দিতে অস্বীকৃতি জানানোয় পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এখন সবার নজর থল থিরুমাভালাভানের নেতৃত্বাধীন ভিসিকে দলের দিকে। দলটির মাত্র দুজন এমএলএ রয়েছেন। এই দুজন সমর্থন দিলেই বিজয়ের ম্যাজিক ফিগার পূর্ণ হবে। তবে ভিসিকে প্রধান এখনো ডিএমকে নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজয়ের জোটে বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস দুটি মন্ত্রণালয় দাবি করেছে বলে গুঞ্জন রয়েছে। ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের আধিপত্য ভেঙে বিজয় একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও প্রয়োজনীয় দুই এমএলএর অভাবে তার শপথ গ্রহণ এখন অনিশ্চিত।





