সরকারি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্বাক্ষর

সমঝোতা স্মারক স্বাক্ষর
সমঝোতা স্মারক স্বাক্ষর | ছবি: সংগৃহীত
0

সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বেজা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ‘গাইডলাইনস ফর ডেভেলপমেন্ট এনার্জি প্রজেক্টস ইউজিং ল্যান্ড ওনড বাই গভর্নমেন্ট এজেন্সিস আন্ডার পিপিপি মোডালিটি, ২০২৬’-এর আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দেশের প্রথম পিপিপি পদ্ধতিতে সরকারি জমিভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

এ লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাই ও ফেনী অঞ্চলে বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ফেনী জেলার সোনাগাজী উপজেলায়) বেজার মালিকানাধীন প্রায় ৪১২ একর জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সরকারি সংস্থার মালিকানাধীন জমিতে পিপিপি পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন গাইডলাইন অনুমোদন করে। এর আগে, গতবছরে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের বিষয়ে নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

আরও পড়ুন:

পরবর্তীতে গত ২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফেনীর সোনাগাজীতে বেজার মালিকানাধীন জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্পটিকে উক্ত গাইডলাইনের আওতায় একটি ‘পাইলট প্রকল্প’ হিসেবে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন প্রকল্পের কন্ট্রাকটিং অথরিটি হিসেবে দায়িত্ব পালন করবে। এ প্রেক্ষিতে জমির মালিক হিসেবে বেজা এবং কন্ট্রাকটিং অথরিটি হিসেবে বিপিডিবি’র মধ্যে উল্লিখিত সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়।

বেজা মনে করে, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিবেশবান্ধব শিল্পায়ন, সবুজ জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একইসঙ্গে এটি সরকারি জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন দিগন্ত উন্মোচন করবে। বেজা আরও মনে করে সরকারের অন্যান্য সংস্থাও এই পদ্ধতিতে জ্বালানী সমস্যা নিরসনে ভূমিকা রাখবে।

প্রকল্পটি বাস্তবায়ন সংক্রান্ত সম্ভাবনা, বিনিয়োগ আগ্রহ এবং অংশীদারিত্বের সুযোগ নিয়ে আলোচনার লক্ষ্যে একটি কর্মশালা আয়োজন করা হবে খুব শীঘ্রই, যেখানে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট দেশ ও দেশের বাইরের বিভিন্ন উদ্যোক্তা অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। এখানে আরও উল্লেখ্য যে, ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ প্রযুক্তিগত বিভিন্ন উৎকর্ষ এই প্রকল্পে বিবেচনায় আনা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে নীতিগত প্রণোদনা দেয়ার বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে বেজা আশা করে।

বেজার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বেজা নির্বাহী বোর্ডের সচিব ও সরকারের যুগ্ম সচিব ড. জুলিয়া মঈন এবং বাবিউবোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সচিব আফরোজা সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেজা, বাবিউবো এবং পিপিপি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এফএস