ওপেনএআই–কে একটি মুনাফাভোগী কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধে মাস্কের করা মামলার অংশ হিসেবে জিলিস এই সাক্ষ্য দেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জিলিস জানান, ২০২০ সালে মাস্ক তাকে শুক্রাণু দানের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তাতে রাজি হন। তিনি বলেন, ‘আমি মা হতে চেয়েছিলাম। ওই সময় ইলন তার চারপাশের সবাইকে সন্তান নিতে উৎসাহিত করছিলেন। তিনি খেয়াল করেছিলেন আমার কোনো সন্তান নেই, তাই তিনি এই প্রস্তাব দেন।’
জিলিস আরও জানান, প্রায় এক দশক আগে মাস্কের সঙ্গে তার একবার প্রেমের সম্পর্ক থাকলেও ২০২০ সালে তাদের মধ্যে কোনো রোমান্টিক যোগাযোগ ছিল না। কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে প্রথাগতভাবে বিয়ে করে মা হওয়ার পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছিল তাকে।
সিলিকন ভ্যালিতে ১৫ বছরেরও বেশি সময় ধরে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে কাজ করা জিলিস মাস্কের কোম্পানি টেসলা এবং নিউরালিংকেও উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে তিনি ওপেনএআই–এ উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং তখনই মাস্কের সঙ্গে তার প্রথম পরিচয় হয়।
পরবর্তীতে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ওপেনএআই–এর পরিচালক ছিলেন। জিলিসের এই দ্বৈত ভূমিকার কারণে ওপেনএআই–এর আইনজীবীরা সন্দেহ করছেন যে, ২০১৮ সালে মাস্ক কোম্পানিটি ছেড়ে দেয়ার পরও জিলিস তাকে ভেতরের তথ্য সরবরাহ করতেন।
জিলিস জানান, মাস্কের সঙ্গে তার একটি গোপনীয়তা চুক্তি ছিল, যার কারণে ২০২১ সালে জন্ম নেয়া যমজ সন্তানের বাবার পরিচয় তিনি ওপেনএআই–এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের কাছে গোপন রেখেছিলেন। তবে একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের উপক্রম হলে পরের বছর তিনি অল্টম্যানকে সব জানান।
পরিচয় জানার পরও অল্টম্যান এবং কোম্পানির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান জিলিসকে বোর্ডে রাখার পক্ষে ছিলেন এবং ২০২৩ সাল পর্যন্ত তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। জিলিস জানান, বর্তমানে মাস্ক তার চার সন্তানের জীবনে বেশ সক্রিয় এবং প্রতি সপ্তাহে তারা পারিবারিক সময় কাটান।





