মহেশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার জলদস্যু বাহিনীর প্রধান

গ্রেপ্তার জলদস্যু
গ্রেপ্তার জলদস্যু | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমির উদ্দিনকে (৪০) আটক করেছে কোস্টগার্ড। তিনি একটি হত্যা মামলারও মূল আসামি।

গতকাল (বুধবার, ৬ মে) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এফবি ‘আজুফা আক্তার মানু’ নামক একটি মাছ ধরার ট্রলারে জলদস্যু জমির বাহিনীর গুলিতে কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেন খোকন নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে কোস্টগার্ড।

আরও পড়ুন:

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালী থানাধীন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, ‘অভিযানে জমির বাহিনীর প্রধান ও হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়েছে।’

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে দু’টি দেশিয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক জমির দীর্ঘদিন ধরে জলদস্যুতা ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ