রাতের আঁধারে চট্টগ্রাম কেপিজেডে অস্ত্রের শোডাউন, আটক ২

দেশিয় অস্ত্র নিয়ে মহড়া
দেশিয় অস্ত্র নিয়ে মহড়া | ছবি: এখন টিভি
0

গাছ কাটাকে কেন্দ্র করে মামলার জেরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কেপিজেড এলাকায় দেশিয় অস্ত্র হাতে মহড়া ও নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

গতকাল (সোমবার, ৪ এপ্রিল) রাত ৯টার দিকে কেপিজেডের দৌলতপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই ২ জনকে আটক করে।

কেপিজেডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ৩০-৪০ জন যুবক লাঠি, দা ও নানা ধরনের দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে দৌলতপুর গেট এলাকায় জড়ো হয়। তারা দলবদ্ধভাবে মহড়া দেয়, দেশিয় ধারালো অস্ত্র হাতে এলাকায় ছুটাছুটি করে। যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কেপিজেড এলাকা থেকে একদল যুবক গাছ কাটতে গেলে বাধা দেন নিরাপত্তা সুপারভাইজার। বাধা দেয়াতেই তাকে লাঠি দিয়ে নির্মম পেটানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় কেপিজেডের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা এবাদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে কয়েকজন আসামি হন। তার জেরে গতরাতে এ হামলা করা হয়। এতে ২ জন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।

এএইচ