ঝুঁকির মাঝেও কক্সবাজার সৈকতে সমুদ্রস্নানে ব্যস্ত পর্যটকরা

কক্সবাজার সৈকত
কক্সবাজার সৈকত | ছবি: এখন টিভি
0

সমুদ্রের বিশালতা আর অপরূপ সৌন্দর্য সবসময়ই মানুষকে টানে নিজের কাছে। আর সেই টানেই বৈরী আবহাওয়াকেও উপেক্ষা করে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে।

আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ভরদুপুরে সরেজমিনে দেখা যায়, উত্তাল ঢেউ আর মেঘলা আকাশের মধ্যেও সৈকতে নেমেছেন পর্যটকরা। কেউ মেতে উঠেছেন সমুদ্রস্নানে, আবার কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির ভয়ংকর অথচ মায়াবী রূপ। বৈরী আবহাওয়ার এ দৃশ্য যেন এক ভিন্নরকম আকর্ষণ তৈরি করেছে ভ্রমণপিপাসুদের মধ্যে।

কক্সবাজারে ভ্রমণে আসা সৌরভ নামের এক পর্যটক বলেন, ‘আবহাওয়া খারাপ জানতাম, তবুও এ উত্তাল সমুদ্র কাছ থেকে দেখার লোভ সামলাতে পারিনি। এমন রূপ সবসময় দেখা যায় না।’

আরও পড়ুন:

স্থানীয় দর্শনার্থী কলেজ ছাত্র হাসান জানান, ঝুঁকি আছে জানি, কিন্তু নিরাপদ দূরত্বে থেকে সমুদ্রের এই রূপ উপভোগ করতে এসেছে সে। প্রকৃতির এই ভয়ংকর সৌন্দর্য সত্যিই অসাধারণ।

তবে সমুদ্রের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। টানা বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র রয়েছে উত্তাল। এ অবস্থায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে সিনিয়র লাইফগার্ড জয়নাল বলেন, ‘পর্যটকদের সতর্ক করে দিচ্ছি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় না নামার জন্য অনুরোধ করছি।’

এফএস