কমিউনিটিজ ফিচার বন্ধ করছে এক্স

এক্স
এক্স | ছবি: সংগৃহীত
0

আগামী মাসের শেষ নাগাদ প্লাটফর্ম থেকে কমিউনিটিজ ফিচারটি পুরোপুরি সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্স। এক্স-এর প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। খবর এনগ্যাজেটের।

মূলত ইলোন মাস্কের মালিকানায় আসার আগেই টুইটারে এ ফিচারটি চালু করা হয়েছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে পাবলিক গ্রুপ তৈরি ও পরিচালনা করতে পারতেন।

নিকিতা বিয়ার জানান, এ ফিচারটির লক্ষ্য ভালো থাকলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। তার দেয়া তথ্য অনুযায়ী এক্স-এর মোট ব্যবহারকারীর মাত্র দশমিক ৪ শতাংশ এ ফিচারটি ব্যবহার করতেন।

অবাক করার মতো বিষয় হলো, এক্স-এ হওয়া মোট স্প্যাম রিপোর্ট, আর্থিক প্রতারণা এবং ম্যালওয়্যার সংক্রান্ত অভিযোগের ৮০% আসত এ কমিউনিটিগুলো থেকে।

বিয়ার বলেন, ‘কখনও কখনও আমাদের টিমের অর্ধেক সময় ব্যয় হতো এ ফিচার সামলাতে, যার ফলে মূল অ্যাপের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছিল।’

তিনি আরও জানান, সাধারণ মানুষ নিজ উদ্যোগে কিছু গ্রুপ চালালেও, সবচেয়ে সক্রিয় গ্রুপগুলো ছিল মূলত স্ট্রিমিং প্লাটফর্ম ‘কিক’র জন্য ব্যবহারকারী সংগ্রহের মাধ্যম অথবা ব্যবসায়িক প্রচারণার কেন্দ্রবিন্দু।

কমিউনিটিজের বিকল্প হিসেবে এক্স তাদের নতুন ‘এক্স-চ্যাট’ অ্যাপটি সামনে নিয়ে আসছে। বর্তমানে এ অ্যাপে ৩৫০ জন সদস্য নিয়ে গ্রুপ চ্যাট করা যায়, যা ভবিষ্যতে ১ হাজার সদস্য পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

আগামী ৩০ মে ফিচারটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আগে মডারেটরদের গ্রুপ চ্যাটের লিঙ্ক পিন করে রাখার সুযোগ দেওয়া হয়েছে, যাতে সদস্যরা নতুন প্লাটফর্মে যুক্ত হতে পারেন।

তবে সমালোচকরা মনে করছেন, কমিউনিটিজ এবং গ্রুপ চ্যাট এক বিষয় নয়। কমিউনিটিজ ছিল পোস্ট-নির্ভর এবং অসিক্রোনাস (যেকোনো সময় ফিড দেখা যেত), যেখানে গ্রুপ চ্যাটে অনেক বেশি সরাসরি এবং সার্বক্ষণিক মনোযোগ রাখতে হয়।

এএইচ