নানা আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন
নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন | ছবি: এখন টিভি
3

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ইতিহাস ও ঐতিহ্যের নগরী নারায়ণগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়েছে। জেলা প্রশাসন, চারুকলা ইন্সটিটিউট এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে চাষাড়া থেকে একটি বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রা বের হয়। রঙিন মুখোশ, লোকজ মোটিফ এবং ঐতিহ্যবাহী সাজে সজ্জিত এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রাটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। একইসময়ে চারুকলা ইন্সটিটিউট থেকেও আরেকটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈশাখি মেলার উদ্বোধন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়।

এদিকে নগরীর দেওভোগ এলাকার সিটি পার্কে নারী উদ্যোক্তাদের উদ্যোগে বৈশাখি মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক জোট চার দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এসব আয়োজন ঘিরে পুরো নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

আরও পড়ুন:

নিরাপত্তা নিশ্চিতে জেলাজুড়ে গৃহীত হয়েছে কঠোর ব্যবস্থা, ফলে শান্তিপূর্ণ পরিবেশেই মানুষ উৎসবে অংশ নিতে পারছেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘নারায়ণগঞ্জের সব স্তরের মানুষকে নিয়ে দিনটি উদযাপনের জন্য নানা আয়োজন গ্রহণ করা হয়েছে। নতুন বছরের শুরুতে সবার মঙ্গল কামনা করছি এবং সবাই মিলেমিশে আগামী দিনগুলো অতিবাহিত করবে—এই প্রত্যাশা করি।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘প্রতি বছরই বাংলা নববর্ষ উদযাপন করা হয়। তবে এ বছর নতুন সংসদ সদস্য হিসেবে বিভিন্ন স্থানে আমন্ত্রণ পাওয়ায় অনুভূতিটা ভিন্ন।’

র‍্যালি ও মেলায় অংশগ্রহণকারীরাও আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সব মিলিয়ে, উৎসবমুখর পরিবেশে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসী বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন।

এসএস