হাদি হত্যার ১০০তম দিনে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আত্মপ্রকাশ

ওসমান হাদি স্মৃতি মঞ্চের আত্মপ্রকাশ
ওসমান হাদি স্মৃতি মঞ্চের আত্মপ্রকাশ | ছবি: এখন টিভি
0

ঝালকাঠির নলছিটিতে শরীফ ওসমান হাদি হত্যার শততম দিনকে কেন্দ্র করে গঠিত হয়েছে নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শহিদ ওসমান হাদি স্মৃতি মঞ্চ’। আজ (শনিবার, ২৮ মার্চ) বিকেলে নলছিটি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে সংগঠনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওসমান হাদির বোন মাসুমা হাদি।

মাসুমা হাদি বলেন, ‘বাংলার হারিয়ে যেতে বসা প্রকৃত সংস্কৃতি রক্ষা এবং আধিপত্যবাদবিরোধী চেতনা ছড়িয়ে দিতে এই সংগঠন কাজ করবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ওসমান হাদির আদর্শ ও সংগ্রামের বার্তা সারা দেশে পৌঁছে দেয়া সম্ভব হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘হাদির মৃত্যুর পর দেশজুড়ে তার কণ্ঠস্বর যেন স্তব্ধ হয়ে গেছে, এমন অনুভূতি থেকেই বিভিন্ন মহলের অনুরোধে এই সংগঠন গড়ে তোলা হয়েছে।’ পাশাপাশি হত্যাকাণ্ডের শতদিন পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় ধীরগতির সমালোচনা করে তিনি দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এসময় আরও বক্তব্য রাখেন তৌহিদ আলম মান্না, সুলতান তালুকদার, সুজন খান ও শাহাদাৎ ফকির প্রমুখ। বক্তারা ওসমান হাদির স্মৃতি রক্ষা ও হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন, জুলাই শহিদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, উপজেলা এনসিপির আহ্বায়ক লাভলু ব্যাপারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইএ