ইরান যুদ্ধে প্রথমবারের মতো ইসরাইলে হামলা করলো হুথিরা

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এদিকে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছে। অন্যদিকে তেহরানে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুটি পারমাণবিক কেন্দ্র ও ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরান যুদ্ধের প্রায় ১ মাস হতে চলল। প্রতিনিয়ত বেড়েই চলেছে যুদ্ধের তীব্রতা। এরই মধ্যে ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। অথচ আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, খোন্দাব হেভি-ওয়াটার স্থাপনার পাশাপাশি আরদাকানে ইয়েলোকেইক উৎপাদন কেন্দ্রে হামলা হলেও সেখান থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি। তবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অব্যাহত হামলা, বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটার ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের স্কুল, হাসপাতাল, আবাসিক এলাকাসহ বেসামরিক কেন্দ্রগুলোর ওপর বার বার অবৈধ হামলা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর জন্য তাদের জড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন:

এ হামলার কারণে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দেবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে ইরান যুদ্ধে সাহায্য না পাওয়ায় ন্যাটোর ওপর চটেছেন ট্রাম্প। বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র ন্যাটোর পাশে নাও থাকতে পারে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো স্থলসেনা ছাড়াই তার লক্ষ্য অর্জন করতে পারে এবং কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে।

এদিকে ইরানের জাঞ্জানে মার্কিন-ইসরাইলি হামলায় ৫ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরাইলি হামলায় দেশটির কেরমানশাহ প্রদেশে শিশুসহ ১৩জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। জবাবে, ইসরাইল ও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে তেহরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

অন্যদিকে দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ইসরাইল। ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরাইলি হামলায় ১ হাজার ১৪২ জন নিহত এবং ৩ হাজার ৩১৫ জন আহত হয়েছেন।

ইএ