রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
নিজ নিজ ম্যাচ জিতে বাংলাদেশ ও ভারত এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেতে এ ম্যাচেও জয় পেতে চাইবে দুই দল।
ভারতের বিপক্ষে ম্যাচকেই বাংলাদেশের মূল পরীক্ষা হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।
আরও পড়ুন:
সাবেক অধিনায়ক জাহিদ হাসান বলেন, ‘ইন্ডিয়া হলো আমাদের জন্য ফ্যাক্ট, সবসময়ের জন্য। পূর্বের ডাটাগুলো দেখলে দেখা যাবে ইন্ডিয়ার সঙ্গে আমাদের হারার প্রবণতাই বেশি। আমরা ফাইনালে গিয়েছি। তবে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারিনি। মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে আর চারবার রানারআপ হয়েছি। সুতরাং আমাদের মেইন অপনেন্ট হলো ইন্ডিয়া।’
সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক অবশ্য সরাসরি চোখ রাখছেন ফাইনালে। সেক্ষেত্রে ভারতকেই সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে প্রস্তুতি নেয়ার বার্তা তার।
সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘ইন্ডিয়ার সঙ্গে আশা করি ক্লিক করলে একদম সেমিফাইনালে, যারা সামনে আসছে তারা ফাইনাল খেলবে। ফাইনালে হয়তো এ গ্রুপ থেকেই হবে। ইন্ডিয়া বা যে কেউ হতে পারে। ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হওয়াই আমাদের টার্গেট।’
মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে দুই দলের লড়াই।





