রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, প্রায় ৬ মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধ করছিলো না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার কথাকাটাকাটিও হয়।
এরই জেরে গতকাল দুপুরে আশরাফুলের স্ত্রী সোনিয়া, স্বামীর সহায়তায় শিশু ওয়াসিককে তার নানার বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুন:
পরে বিকেলে বাগবেড় সিটি মার্কেট এলাকায় একটি বিকাশের দোকান থেকে বাকি ২৫ হাজার টাকা পাঠাতে বলে এবং টাকা না দিলে শিশুটিকে ফেরত না দেয়ার হুমকি দেয়। বিষয়টি বিকাশ দোকানদার স্থানীয়দের অবহিত করেন।
পরে স্থানীয় জনতা সোনিয়াকে আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। শিশু ওয়াসিককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।





