প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে প্রথমবার উড়লো ‘জাতীয় পতাকা’

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে ‘জাতীয় পতাকা’
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে ‘জাতীয় পতাকা’ | ছবি: সংগৃহীত
2

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবার তার গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িতে পতাকা উড়তে দেখা যায়।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড- ২০২৬ অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে আসেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুস্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এসময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন:

প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা, শহিদ পরিবারের সদস্যরা, কূটনীতিক এবং রাজনৈতিক নেতারাসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পরে দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় মন্ত্রিপরিষদের পক্ষেও পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

পুস্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন:

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শহিদ জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহিদ জিয়াউর রহমানের কবরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন:

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আনুষ্ঠানিকতা শেষে বিএনপি চেয়ারম্যান হিসেবে বিএনপির পক্ষ থেকে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে শহিদ সব বীর সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এসএস